ধানক্ষেত থেকে ইমার্জেন্সি — আর একটা “মৃত মানুষ”-এর ECG

সকাল। ইমার্জেন্সিতে হঠাৎ হইচই।

মধ্যবয়সী এক কৃষককে কয়েকজন ধরাধরি করে নিয়ে এলো। ধানক্ষেতে কাজ করছিলেন, হঠাৎ বুকে ব্যথা, তারপর লুটিয়ে পড়েন।

রোগী প্রায় অচেতন। হাত-পা ঠান্ডা, শরীর ঘামে ভেজা।
পালস ধরলাম — ধীর, খুব ধীর।

“ECG করো, এখনই!”

কাগজ বেরোচ্ছে…

II, III, aVF — বিশাল ST elevation।
চোখ গেল lead I আর aVL-এ। সেখানে ঠিক উল্টো ছবি, যেন আয়নায় দেখা ST depression।

II আর aVF-এর ঢেউগুলো পাশাপাশি দেখলে মনে হয়, মাটিতে কেউ চিৎ হয়ে শুয়ে আছে। মাথাটা QRS, লম্বা শরীরটা ST segment।

ECG-র ভাষায় এর নাম “Dead Man Sign”।
নামটা যেমন ভয়ংকর, অর্থটাও তেমন।


এই sign বলে দেয়:

  • Right Coronary Artery প্রায় পুরোপুরি বন্ধ।
  • Right Ventricle-ও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
  • সামনে আসতে পারে একের পর এক arrhythmia — কখনো দ্রুত, কখনো ভয়ংকর ধীর।

Acute Inferior STEMI।

বললাম, লোডিং ডোজ দাও।
কিন্তু রোগীর চাবানোর ক্ষমতা নাই।
বললাম, গুলিয়ে খাওয়ান!
গিলতে না পারলে নাকে নল পরায়ে খাওয়াতে হবে।

Assistant-কে বললাম, GTN spray দাও।

হঠাৎ থেমে গেলাম। মাথায় ঘুরছে ECG-র সেই শুয়ে থাকা মানুষটা — RCA, Right Ventricle।

“BP চেক করো তো!”

স্যার: ৮০/৫০।

রাখো, রাখো। Spray দেওয়া যাবে না।

Right Ventricle জড়িত থাকলে এই হার্ট টিকে থাকে শুধু preload-এর ভরসায়। এখন GTN দিলে BP আরও পড়বে। রোগী হয়তো এখানেই হাতছাড়া হয়ে যেত।

দরকার উল্টোটা — Fluid।

কিন্তু ফুসফুসে পানি জমে থাকলে fluid-ই বিপদ।
স্টেথো নিলাম… দুই পাশের lung base শুনলাম।
Clear।

“নার্স ডাকো, Cannula করো। Normal Saline চালু করো!”

কিন্তু এখনো শান্তি পাচ্ছি না।

Severe Bradycardia!!
HR ৫০-এর কাছে।
P wave নাই — SA node কাজ করছে না।

Dead Man Sign যে arrhythmia-র সতর্কবার্তা দিয়েছিল, সেটাই চোখের সামনে।
Inferior MI-তে SA আর AV node-এর রক্ত আসে মূলত RCA থেকে। সেই রাস্তা বন্ধ।
এই Bradycardia-ই BP টেনে নামাচ্ছে।

CCU সাপোর্ট দরকার। এখুনি সাতক্ষীরা মেডিকেলে নিতে হবে।
কিন্তু এই অবস্থায় পাঠানো মানে পথেই বিপদ।

উত্তর একটাই — Atropine।

“Atropine নিয়ে আসো, দ্রুত!”

অ্যাসিস্ট্যান্ট নিচু গলায় বলল,
“স্যার… ইনজেকশন দেওয়ার পর কিছু হয়ে গেলে লোকজন তো আমাদের মারবে। বলবে ইনজেকশন দিয়ে রোগী মেরে ফেলেছে…”

আমি বললাম,
“এভাবে রোগী পাঠাতে পারি না। Atropine দাও। কিছু হলে দায় আমার।”

ইনজেকশন দেওয়া হলো।

অ্যাম্বুলেন্স এসে গেছে।
Oxygen আর স্যালাইন চলা অবস্থায় রোগী রওনা দিলেন সাতক্ষীরা মেডিকেলের দিকে।


যারা ইমার্জেন্সিতে কাজ করেন বা করবেন — এই কেস থেকে ৫টা কথা:

১. Inferior STEMI দেখলেই I আর aVL দেখুন। সেখানে mirror-image ST depression মানে “Dead Man Sign”। এটা RCA-র বড় occlusion নির্দেশ করে।

২. Inferior MI-তে GTN দেওয়ার আগে BP মাপুন। Right Ventricular infarction থাকলে GTN, diuretic, morphine BP মারাত্মকভাবে নামিয়ে দেয়। সুযোগ থাকলে right-sided lead V4R করে দেখুন।

৩. Hypotension + clear lung = Fluid। RV infarction-এ fluid-ই চিকিৎসা। তবে আগে lung base শুনে নিন।

৪. Bradycardia-কে অবহেলা নয়। Inferior MI-তে SA/AV node আক্রান্ত হয়। Symptomatic bradycardia-তে Atropine 0.5–0.6 mg IV দিন। দরকারে repeat করুন, মোট 3 mg পর্যন্ত।

৫. Stabilize, then transfer। অস্থির রোগীকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া মানে ঝুঁকি রাস্তায় পাঠানো।

একটা ECG-র কাগজ শুধু diagnosis দেয় না, পরের ১০ মিনিটে কী ঘটতে পারে সেটাও বলে দেয়। শুধু পড়তে জানতে হয়।

— Dr. Md. Abu Musa
Medical Officer, Kalaroa Upazila Health Complex, Satkhira

#ECG #STEMI #InferiorMI #DeadManSign #EmergencyMedicine #TheClinician


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *